রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : রাজ্যে পালাবদল ঘটতেই ময়নাগুড়িতে হঠাৎ করেই বেড়েছে গেরুয়া রঙের পোশাকের চাহিদা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ময়নাগুড়ির বিভিন্ন কাপড়ের দোকানে গেরুয়া পাঞ্জাবি, কুর্তি ও শাড়ির বিক্রি চোখে পড়ার মতো। বাজার সূত্রে খবর, ফল ঘোষণার পরপরই ব্যবসায়ীরা আগাম অর্ডার দিয়েছিলেন, আর সেই অনুযায়ী বৃহস্পতিবার ট্রান্সপোর্টে করে বিপুল পরিমাণ গেরুয়া পোশাক এসে পৌঁছেছে দোকানগুলিতে।
ব্যবসায়ীদের দাবি, সামনে বিজয় মিছিল থাকায় সাধারণ মানুষের মধ্যে গেরুয়া পোশাক কেনার আগ্রহ আরও বেড়েছে। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের আবহের মধ্যেই ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ডালিম রায়ের জয়ের পর এই চাহিদা তুঙ্গে উঠেছে। বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর ময়নাগুড়িতে বিজয় মিছিলের প্রস্তুতি চলছে, আর সেই মিছিলকে কেন্দ্র করেই গেরুয়া পোশাকের বাজার রীতিমতো চাঙ্গা।
ময়নাগুড়ি বাজারের ব্যবসায়ী অসীম কুমার রায় জানান, তাঁর দোকানেই ইতিমধ্যেই ৫০০ পিস গেরুয়া পাঞ্জাবির অর্ডার এসেছে। পাঞ্জাবির দাম রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা, যাতে সাধারণ মানুষ সহজেই কিনতে পারেন। পাশাপাশি কুর্তির দাম ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। আরেক ব্যবসায়ী অরূপ কুণ্ডু বলেন, পালাবদলের পর গেরুয়া রঙের পোশাকের খোঁজে প্রতিদিনই বহু ক্রেতা আসছেন।
অপর ব্যবসায়ী জয়দীপ রায় জানান, ফল ঘোষণার পরদিনই তিনি সুরাট থেকে গেরুয়া কাপড়ের অর্ডার দেন। বৃহস্পতিবার সেই সমস্ত পোশাক এসে পৌঁছেছে। গেরুয়া পোশাকের এই বাড়তি চাহিদায় খুশি ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও।