রাজু শেখ,নয়া জামানা, জঙ্গিপুর: সামান্য বৃষ্টিপাতেই জলজটে বেহাল হয়ে পড়ছে শহরের হাসপাতাল মোড় এলাকা। অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান জল জমে গিয়ে কার্যত অচল হয়ে পড়ছে যাতায়াত ব্যবস্থা। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টির জল নামার সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া বা সেখান থেকে বাড়ি ফেরানো একপ্রকার দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও সমস্যার বাস্তবসম্মত সমাধান হয়নি। তাঁদের মতে, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, ড্রেনের নিয়মিত পরিষ্কারের অভাব এবং কোথাও কোথাও নিকাশি পথ বন্ধ হয়ে থাকাই এই জলজটের মূল কারণ।
শুধু হাসপাতাল মোড় নয়, শহরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় একই ছবি দেখা যাচ্ছে। ফলে প্রতিদিনের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠছে।
নাগরিকদের প্রশ্ন, একটি পৌর শহরে ন্যূনতম পরিকাঠামো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা কি এতটাই কঠিন? দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কার, রাস্তা মেরামত এবং নিয়মিত পরিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
এখন দেখার, জঙ্গিপুর পৌরসভা কবে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শহরবাসীকে স্বস্তি দিতে পারে।
অকাল বৃষ্টিতে জলমগ্ন বোরো ধানের জমি: মাথায় হাত প্রান্তিক চাষীদের, বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা!