সুকমল ঘোষ, নয়া জামানা, ফালাকাটা : ফালাকাটা বিধানসভা থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা দীপক বর্মন। দীর্ঘদিন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে সহ-সভাপতি পদে থাকা এই অভিজ্ঞ নেতাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে যে তিনি নতুন রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, সংগঠনের ভিত শক্ত করা এবং একাধিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে মন্ত্রিসভায় তাঁর স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন অনেকেই। এমনকি ফালাকাটা থেকে আলিপুরদুয়ার জেলা জুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে তাঁর সমর্থনে জনসভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচারের সময় একাধিক বাধা ও আক্রমণের মুখে পড়লেও দীপক বর্মনকে ‘লড়াকু নেতা’ হিসেবে প্রশংসা করেছিলেন তিনি।
তবে নিজে এই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন বিধায়ক। তিনি বলেন, মন্ত্রিত্ব নিয়ে এখনই ভাবছি না। আমার প্রথম অগ্রাধিকার ফালাকাটার মানুষের উন্নয়ন। তাঁদের দেওয়া আস্থা পূরণ করাই আমার লক্ষ্য।
ফালাকাটা টাউন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা জানান, দীপক বর্মনের সাংগঠনিক দক্ষতা ও রাজ্যজুড়ে পরিচিতি রয়েছে, তাই নতুন সরকারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন বলে তাঁরা আশাবাদী। এখন নজর রয়েছে দলের সিদ্ধান্তের দিকে।
অভিষেকের পর একই মাঠে অমিত শাহ, বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়