সুস্মিতা রায়, নয়া জামানা, রাজগঞ্জ : জলপাইগুড়ি জেলার রংধামালী এলাকায় ভোটে জয়ের পরই রাজনৈতিক হিংসার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনা সামনে এসেছে। আহত হয়েছেন অন্তত ৬ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাকোবা এলাকা থেকে কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক বোদাগঞ্জের ভামরি দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। অভিযোগ, রংধামালী এলাকায় আগে থেকেই কিছু লোক রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল। বিজেপি কর্মীদের দেখেই তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে দাবি। রাস্তায় ফেলে মারধর এবং কোপানোর অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এই ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজেপি নেতা তপন রায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, হঠাৎ করেই হামলা চালানো হয়েছে এবং একাধিক কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
৫০ হাজার ভোটে জিতলেই বেতনী নদীর উপর বড় সেতু — সন্দেশখালীর মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের