উত্তম সিংহ, নয়া জামানা, খড়িবাড়ি : দার্জিলিং জেলার খড়িবাড়িতে আচমকাই প্রকাশ্যে চলে আসা বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নবান্নের তরফে সরকারি নথি সংরক্ষণে কড়া নির্দেশিকা জারির পরপরই এই ঘটনা সামনে আসায় রহস্য আরও গভীর হয়েছে।
জানা গিয়েছে, খড়িবাড়ির ভূমি দফতর থেকে প্রায় ৫০০ মিটার দূরে, ৩২৭ নম্বর জাতীয় সড়কের ধারে বাতাসীর দুর্গামন্দির সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু নথি। পথচলতি মানুষের নজরে আসতেই দ্রুত এলাকায় খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।
উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে রয়েছে জমির দলিল, খতিয়ান, পাশাপাশি ভোটার কার্ড ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এত গুরুত্বপূর্ণ নথি কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে ভূমি দফতরের এত কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটায় সন্দেহ আরও বেড়েছে।
স্থানীয়দের একাংশের ধারণা, রাতের অন্ধকারে কেউ ইচ্ছাকৃতভাবে নথিগুলি ফেলে দিয়ে গিয়েছে। আবার অনেকেই মনে করছেন, কোনওভাবে দফতর থেকেই এই নথি বাইরে এসেছে। ফলে এটি অব্যবস্থাপনা নাকি বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত—তা নিয়ে জল্পনা তুঙ্গে।
খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নথিগুলি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং নথির উৎস ও জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। এখন তদন্তেই স্পষ্ট হবে এই নথি-কাণ্ডের আসল রহস্য।
নির্বাচনের আগেই বীরভূমে কেন্দ্রীয় বাহিনী, উত্তপ্ত রাজনৈতিক আবহে শুরু রুটমার্চ