বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : ২০২১ সালের তুলনায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে যেখানে মোট ভোট পড়েছিল ৮২.৮৯%, সেখানে ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬৩%-এ।
ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে—এই বাড়তি ভোট কার পক্ষে যাবে? ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৮৯,৩৭০ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের ডাঃ ওমপ্রকাশ মিশ্রকে ৩৫,৫৮৬ ভোটে পরাজিত করেছিলেন। সেই ফলাফল মাথায় রেখেই এবারও আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
২০২৬ সালের ভোটের নিরিখে শিলিগুড়ি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,০,৭৯ জন। এর মধ্যে ১,৮১,৯৬৩ জন ভোট দিয়েছেন। পুরুষ ভোটার ৯১,১২৪ এবং মহিলা ভোটার ৯০,৮৭—প্রায় সমান অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
গণনা শুর আগেই কড়া নিরাপত্তার মধ্যে প্রার্থীরা ডিসি-আরসি সেন্টারে প্রবেশ করেছেন। চারিদিকে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির বুথে সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো।
শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন, দার্জিলিং জেলার তিনটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি পুনরায় জয়লাভ করবে। এখন দেখার, বাড়তি ভোটের এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দলের পক্ষে যায়।