কুশল রায়, নয়া জামানা, শিলিগুড়ি : ২০২৬ বিধানসভা নির্বাচনের গণনায় উত্তরবঙ্গ জুড়ে বিজেপির দাপট আরও স্পষ্ট। রাজ্যের উত্তর প্রান্তের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় ৪৩টিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ১টিতে।
আলিপুরদুয়ার জেলায় ৫ম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ১৬,২২৬ ভোটে এগিয়ে। জেলার পাঁচ কেন্দ্রের সবকটিতেই বিজেপির লিড ধারাবাহিক। কালচিনি, ফালাকাটা, মাদারিহাট, কুমারগ্রামেও বিজেপি প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে। কুমারগ্রামে তো ২১ হাজারেরও বেশি ভোটে লিড নিয়েছে বিজেপি।
কোচবিহার জেলাতেও বিজেপির ট্রেন্ড শক্তিশালী। দিনহাটায় ১৬ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ৬,৫৩৭ ভোটে এগিয়ে। তুফানগঞ্জে অষ্টম রাউন্ড গণনা শেষে লিড ১২,৩২৭ ভোট। কোচবিহারের একাধিক কেন্দ্রে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি ও শিলিগুড়িতেও বিজেপি এগিয়ে। ফাঁসিদেওয়ায় তৃতীয় রাউন্ড শেষে দূর্গা মূর্মূর লিড ১৫,৩২১ ভোটে। মাটিগাড়া-নকশালবাড়িতে দ্বিতীয় রাউন্ডে ১০,০০০ ভোটের ব্যবধান। শিলিগুড়িতে এবার ভোটের হার ৯০.৬৩%, যা ২০২১-এর চেয়ে ৭.৭৪% বেশি।
কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে গণনা চলছে। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ও পতাকা-মিছিল।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে ভোটের হার বৃদ্ধি ও ধারাবাহিক লিড বিজেপির জন্য বড় বার্তা। তৃণমূলের জন্য এই ট্রেন্ড চিন্তার। তবে এখনও একাধিক রাউন্ড বাকি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।