নয়া জামানা ডেস্ক : ভোট গণনার ময়দানে এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূল সাংসদ রাজীব কুমার। সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষকের গুরুদায়িত্ব তাঁর কাঁধেই সঁপলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারিতে পুলিশের ডিজি পদ থেকে অবসরের পর তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন তিনি। এবার দলের সাংগঠনিক দায়িত্বে রাজীবের ‘হাতেখড়ি’ হতে চলেছে এই স্পর্শকাতর শিল্পাঞ্চলেই। শনিবার দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেখানেই জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের রণকৌশল চূড়ান্ত হয়। রাজীব ছাড়াও মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে জুন মালিয়া ও অভিনেতা-সাংসদ দীপক অধিকারীকে (দেব)। লোকসভা ভোটের ধাঁচেই এবারও অভিষেকের পরিকল্পনায় এই বিশেষ পর্যবেক্ষক নিয়োগের পথে হাঁটল ঘাসফুল শিবির। এ দিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের মনোবল চাঙ্গা করতে কড়া বার্তা দেন মমতা ও অভিষেক। বুথফেরত সমীক্ষাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে তাঁরা জানান, ‘শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে’। ২০২১ এবং ২০২৪ সালের উদাহরণ টেনে নেতৃত্বের দাবি, এটি বিজেপির পুরনো পন্থা। কাউন্টিং এজেন্টরা যাতে শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন, সেই লক্ষ্যেই রাজীব কুমারের মতো অভিজ্ঞদের ময়দানে নামাল তৃণমূল।