নয়া জামানা, ডেস্ক : ফলপ্রকাশের দিনেই চন্দননগরে উচ্ছ্বাসের ঢেউ। আইসিএসই পরীক্ষায় ৯৯. ০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল দুই ছাত্রী ও সহপাঠী – ইন্দিরা মোদক ও সুচেতনা বোস। একই স্কুল, একই ফল, আর সেটাই যেন সাফল্যের গল্পে এক নতুন মাত্রা জুড়লো।চন্দননগরের সেন্ট জোসেফস স্কুলের এই দুই ছাত্রী প্রায় সব বিষয়েই ৯৯/১০০ নম্বর পেয়েছে। মেধা, পরিশ্রম আর ধারাবাহিকতায় ভর করে এই সাফল্য, বলে মনে করছেন ছাত্রীদের শিক্ষক ও অভিভাবকেরা। ইন্দিরার সাফল্যের গল্প যেন একাগ্রতার প্রতিচ্ছবি। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী সে।চন্দননগরের আপনজন এলাকায় তার বাড়ি। বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ । ইংরেজি সাহিত্য, রসায়ন এবং জীবন বিজ্ঞানে সে পেয়েছে একশোয় একশো। মোট ১৩ জন গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষিকাদের সহায়তায় তৈরি হয়েছে তার প্রস্তুতি। দিনে প্রায় ১২ ঘণ্টা পড়াশোনা ছিল নিয়মের মতো । ইন্দিরার কথায় সব বিষয়ে সে সমান গুরুত্ব দিয়েছে, কিন্তু এত ভালো ফল হবে তা সে আশা করেনি। পড়াশোনায় গুরুত্ব দিলে ভালো ফল আশা নিশ্চিত বলেই মনে করে ইন্দিরা। তার এই সাফল্যের পিছনে সে যার অবদান সবচেয়ে বেশি মনে করে সেটি হল তার মা। ভবিষ্যতে ইন্দিরা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করতে চায়। পেশাদারিত্বের ক্ষেত্রে তার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং।অন্যদিকে একই নম্বর পেয়ে সমানভাবে আলো কেড়েছে তার সহপাঠী সুচেতনা বোস। চন্দননগরের গোন্দল পাড়া কাছারি ঘাট এলাকায় তাঁর বাড়ি। ইন্দিরার মতোই মেধা ও অধ্যবসায়ে ভর করে সাফল্যের শিখরে পৌঁছেছে সেও। পাঁচটি বিভাগে ১০০ নম্বর পেয়েছে সে। পড়াশোনা ছাড়াও গান ভালোবাসে সুচেতনা। দুই বন্ধুর এই যুগ্ম সাফল্যে খুশির হাওয়া স্কুলজুড়ে।