নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক : রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন বুথে ইভিএম বিকল হওয়ার খবর আসতে শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির জেরে থমকে গিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া, যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল।
বৃহস্পতিবার সকালে সিইও দপ্তরে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে ইভিএম বিভ্রাট নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।
এদিন সকালে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল মালদার মোথাবাড়িতে। অভিযোগ, ভোট শুরুর দেড় ঘণ্টা কেটে গেলেও একটি বুথে ইভিএম সমস্যার কারণে ভোটগ্রহণ শুরুই করা যায়নি। অধৈর্য হয়ে ভোটাররা সেখানে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এই প্রসঙ্গে সিইও জানান যে, কমিশনের প্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়াও বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা কাজ না করার অভিযোগ উঠেছে। তবে সব সমস্যাই দ্রুত মিটিয়ে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শুধুমাত্র মোথাবাড়ি নয়, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিরুলিয়াতেও ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত মার্গারেট স্কুলের ৩১ নম্বর বুথে সকাল ৮টা বাজলেও ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। শিলিগুড়ির ২৬/২৩৫ নম্বর বুথ, রামকৃষ্ণ পাঠাশালায় সকাল থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখানে মকপোল চলাকালীনই ইভিএম মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে মূল ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই বেশ খানিকটা দেরি হয়ে যায়।
রাজ্যের এই দফায় একদিকে যেমন যান্ত্রিক গোলযোগ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া কতটা মসৃণ হয়।