প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : প্রথম দফার বিধানসভা ভোটের দিন কোচবিহারের ঘুঘুমারি এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ১৫৫ ও ১৫৭ নম্বর বুথে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রার্থী ও কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।
তৃণমূল কংগ্রেসের দাবি, একই এলাকায় বিজেপি প্রার্থীকে কোনও বাধা দেওয়া হয়নি, অথচ অভিজিৎ দে ভৌমিককে আটকে দেওয়া হয়। শাসকদলের অভিযোগ, এই আচরণ পক্ষপাতদুষ্ট। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বচসার পর বুথে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী।
ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে, সেটা আমরা আগেই জানতাম। তবে বিএসএফ বা অন্য আধিকারিকদের কাছ থেকে তেমন সমস্যা হয়নি। কিন্তু সিআরপিএফ কেন এমন আচরণ করছে, তা স্পষ্ট নয়। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কোন দলের প্রার্থী। বিজেপি প্রার্থীকে আটকানো হচ্ছে না, কিন্তু তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। তবে আমাকে আটকানো যাবে না, আমি বুথে ঢুকেছি। বাংলায় এভাবে গণতন্ত্র দমিয়ে রাখা যাবে না।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে এবং সকল প্রার্থীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।