নয়া জামানা ডেস্ক : তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নামার অভিযোগের দায়ে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। দুই জেলার পাঁচ জন বুথ স্তরের অফিসারকে (বিএলও) সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে উত্তর ২৪ পরগনার তিন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। বীরভূমের দুই বিএলও-র বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, নিরপেক্ষতা বিসর্জন দিয়ে উত্তর ২৪ পরগনার তপনকুমার সাহা, অভিজিৎ দে ও কুমারজিৎ দত্ত শাসকদলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে অংশ নিয়েছিলেন। কমিশন তাঁদের শো-কজ করলে তাঁরা কোনো ‘সন্তোষজনক উত্তর দিতে না-পারায়’ এই কঠোর সাজা দেওয়া হয়। অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরের বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটার স্লিপ বিলি করার অভিযোগ উঠেছে। ময়ূরেশ্বরের এক বিএলও আবার সাইকেলে তৃণমূলের পতাকা লাগিয়ে ভোটার স্লিপ বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। সরকারি কর্মীর তকমা ভুলে দলীয় কর্মীর মতো আচরণ করায় কমিশন কাউকেই রেয়াত করেনি। সব মিলিয়ে ভোটের মুখে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফাইল ফটো।
নাম বাদ গেলে বাড়িতে হামলার আতঙ্ক ,মুর্শিদাবাদে মৃত্যু মহিলা বিএলও-র, চাঞ্চল্যকর অভিযোগ ছেলের