নয়া জামানা, কলকাতা : আবাসনের নিরাপত্তা ভেঙে জোর করে ঢুকে ভোটপ্রচারের অভিযোগে বিদ্ধ হলেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। ফুলবাগান থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দু’টি আবাসন কর্তৃপক্ষ। প্রবীণ এই রাজনীতিকের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের শাসানো এবং নিয়ম ভাঙার গুরুতর অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় দাবিকে ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছেন পদ্ম-প্রার্থী। অভিযোগের সূত্রপাত কলকাতার ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসনকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কোনো আগাম অনুমতি না নিয়েই দলবল নিয়ে সেখানে ঢুকে পড়েন তাপস রায়। আবাসনের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তিনি তা মানেননি। বরং তাঁদের উপেক্ষা করেই প্রচার শুরু করেন। কর্তৃপক্ষের স্পষ্ট কথা, বাইরের কেউ এভাবে হুটহাট ঢুকে পড়তে পারেন না। এতে আবাসিকদের নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হয়েছে। বাসিন্দাদের সম্মতির তোয়াক্কা না করেই তিনি প্রচার চালিয়েছেন বলে ফুলবাগান থানায় জানানো হয়েছে। অন্য একটি আবাসনের তরফেও একই সুরে বিঁধা হয়েছে বিজেপি প্রার্থীকে। সেখানে প্রচার করতে বাধা দেওয়ায় তাপস রায় ফোনে শাসানি দিয়েছেন বলে অভিযোগ। তাঁদের দাবি, প্রার্থীর কথা বলার ভাষা ছিল অত্যন্ত ‘অনৈতিক এবং অন্যায্য’। জোরপূর্বক প্রবেশ এবং হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে। এই বিতর্ক নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন তাপস রায়। নিজের অবস্থানে অনড় থেকে তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। প্রবীণ রাজনীতিক বলেন, ‘মিথ্যাচারের তো কোনও উত্তর হয় না। তাই আমি এর জবাবও দেব না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ এমন অভিযোগ করতে পারেননি। মিথ্যা অভিযোগ নিয়ে আমি কোনও মন্তব্যই করব না।’ ভোটের মুখে প্রার্থীর বিরুদ্ধে ওঠা এই ‘দাদাগিরি’র অভিযোগে এখন সরগরম মানিকতলা। ফাইল ফটো।