প্রদীপ কুণ্ডু, নয়া জামানা, কোচবিহার: বুধবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিবাড়ি আরএমসি মাঠের জনসভা থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে রাজবংশী ভাষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।
জনসভা থেকে অমিত শাহ আরও জানান, রাজ্য পুলিশের অধীনে নারায়নী সেনা নামে একটি বিশেষ ব্যাটেলিয়ান গঠন করা হবে। তবে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এর আগে কেন্দ্রীয় বাহিনীর অধীনে নারায়নী ব্যাটেলিয়ান গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। ফলে ঘোষণার ধরন ও বাস্তবায়ন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।
অনুপ্রবেশ ইস্যুতেও এদিন কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পর অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধাপে ধাপে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাঁর দাবি, দেশের অন্যান্য রাজ্যে যেমন সন্ত্রাসবাদ ও নকশাল কার্যকলাপ দমনে সাফল্য এসেছে, তেমনই বাংলাতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও অমিত শাহ অভিযোগ করেন, বাংলায় কিছু শক্তি বাবরি মসজিদ তৈরির চেষ্টা করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে কোনওভাবেই সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।
সব মিলিয়ে, ভাষা, নিরাপত্তা ও অনুপ্রবেশ—এই তিনটি বড় ইস্যুকে সামনে রেখে নাটাবাড়ির সভা থেকে ভোটারদের উদ্দেশে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিলেন অমিত শাহ। তাঁর বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।