অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের নাম পরিবর্তনের ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জেলার রাজনীতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন–এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এবার রাজপথে নামল তৃণমূল যুব কংগ্রেস। শাসকদলের দাবি, আলিপুরদুয়ারের নাম পরিবর্তনের ঘোষণা সাধারণ মানুষের আবেগ ও জেলার আত্মসম্মানে আঘাত হেনেছে।
সম্প্রতি নির্বাচনী প্রচারে এসে বিজেপি সভাপতি নীতিন নবীন ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে আলিপুরদুয়ার জেলার নাম পরিবর্তন করা হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে বিতর্কের ঝড় ওঠে। স্থানীয়দের একাংশের মতে, আলিপুরদুয়ার শুধুমাত্র একটি ভৌগোলিক নাম নয়, বরং জেলার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি পরিচয়।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে শনিবার সন্ধ্যায় দুর্গা বাড়ি থেকে শোভাগঞ্জ পর্যন্ত একটি বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়। মশাল হাতে মিছিলে শামিল হন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
মিছিলে তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিজেপি পরিকল্পিতভাবে জেলার ইতিহাস ও সংস্কৃতিকে মুছে দিতে চাইছে। নাম পরিবর্তনের রাজনীতি আসলে মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরানোর কৌশল বলেই দাবি তাঁদের। নেতাদের স্পষ্ট বক্তব্য—আলিপুরদুয়ারের নাম নিয়ে কোনও আপস করা হবে না। জেলার আবেগের সঙ্গে ছিনিমিনি খেললে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে নাম পরিবর্তনের ইস্যুকে কেন্দ্র করে মানুষের আবেগকে হাতিয়ার করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে যুব তৃণমূলের এই মশাল মিছিল স্পষ্ট করে দিয়েছে, আলিপুরদুয়ারের নাম রক্ষা আগামী দিনে শাসকদলের একটি বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে চলেছে। বর্তমানে এই ইস্যুই জেলার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু।
মমতাকেই দেওয়া হোক ইন্ডিয়া জোটের নেতৃত্ব, রাহুলকে পরামর্শ বহিষ্কৃত কংগ্রেস নেতা মণিশঙ্করের