সুস্মিতা রায়, নয়া জামানা, জলপাইগুড়ি: মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের নয়াবস্তী এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলআইসি কোয়ার্টারে নিজের বাড়ি থেকে গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, এসআইআর ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই মানসিক চাপ থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রাথমিকভাবে পরিবারের তরফে অনুমান করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা-র পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।