নয়া জামানা ডেস্ক : আজ তিলোত্তমায় মরণ বাঁচন যুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের মুখোমুখি হচ্ছে ভারত। হারলেই বিদায়, জিতলে শেষ চার— এমন সমীকরণের ম্যাচে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ সূর্যকুমার যাদবের দল। ক্যারিবিয়ানদের বিধ্বংসী ব্যাটিংয়ের পাল্টা দিতে ভারতও আজ অল-আউট আগ্রাসনের পথে হাঁটবে। ইডেনের হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে টেনশনে ক্রিকেটপ্রেমীরা ।
ভারতীয় শিবিরের রণকৌশল নিয়ে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাফ জানিয়েছেন, “রবিবার আমরা আগুনের বিরুদ্ধে আগুন নিয়েই জবাব দেব।” তাঁর মতে, টি-টোয়েন্টিতে এখন রান আটকানোর পুরনো প্রথা অতীত, উইকেট নেওয়াই এখন আসল দাওয়াই। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং গভীরতা নিয়ে ভারত সতর্ক। ৯ নম্বরে রোমারিয়ো শেফার্ডের মতো ব্যাটার নামায় ক্যারিবিয়ানদের রুখতে ২০ ওভারই চাপে রাখার পরিকল্পনা সাজিয়েছেন দুশখাতে। তিনি বলেন, ‘আমার মনে হয় না বিশ্বে এমন কোনও ব্যাটিং দল রয়েছে যেখানে রোমারিয়ো শেফার্ড ৯ নম্বরে নামে।’ ইডেনের পাটা উইকেটে বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ দেখছেন তিনি। তবে তিলক বর্মার ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে দল। দুশখাতের কথায়, ‘তিলক যে পাঁচে বা ছয়ে নামবেই, এমন কোনও সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখিনি।’
আবার এদিকে,ব্যক্তিগত শোক সামলে আজ দেশের প্রয়োজনে মাঠে নামতে তৈরি রিঙ্কু সিং। শুক্রবার বাবার প্রয়াণের পর শেষকৃত্য সেরে শনিবার সকালেই কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ইডেন রিঙ্কুর ঘরের মাঠ, তাই তাঁর অভিজ্ঞতা আজ ভারতের বড় অস্ত্র হতে পারে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই রিঙ্কুর যোগদানের খবর নিশ্চিত করেছিলেন। কঠিন মানসিক পরিস্থিতিতেও রিঙ্কুর এই দায়বদ্ধতা ড্রেসিংরুমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কেকেআর-এর ঘরের ছেলে কি আজ ইডেনের গ্যালারি মাতাবেন? সেই আশাতেই বুক বাঁধছেন ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে, ড্যারেন স্যামির মুখেও হুঙ্কার। কোচ হিসেবে ইডেনে ফিরেই তিনি বলছেন, ‘কাল তাহলে শুরু হচ্ছে লাস্ট ড্যান্স! কে এই ড্যান্সে জেতে সেটাই দেখার।’ স্যামি স্পষ্ট করে দিয়েছেন, ভারতকে হারিয়ে নাচ আর গানেই উৎসব সারতে চান তাঁরা। তিনি যোগ করেন, ‘ভারতকে হারাতে পারলে আমরা উৎসব তো করবই। তবে কোন গান চালিয়ে নাচব, তা এখনও স্থির করিনি।’
শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান জিতলেও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে না পারায় বাবর আজমদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। পাকিস্তানের বিদায়ে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হওয়া এখন নিশ্চিত। সেই সেমিফাইনালের মঞ্চে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের জয়ী দলের থাকার সম্ভাবনা প্রবল। আজ রাতের ইডেন তাই শুধুই একটা ম্যাচ নয়, বরং টিকে থাকার লড়াই। এখন দেখার শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে ।
আরও পড়ুন-