অভিজিৎ চক্রবর্তী ৷৷ নয়া জামানা ৷৷ আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে বিজেপির ভোটপ্রচারে ঝড় তুললেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। মঙ্গলবার দুপুরে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের সমর্থনে মহাকাল ধাম থেকে চৌপথি পর্যন্ত বিশাল ও বর্ণাঢ্য রোড শো করে শহর মাতিয়ে দিলেন তারকা সাংসদ।
হুড খোলা গাড়িতে চেপে মহাকাল ধাম থেকে রোড শো শুরু করতেই গোটা আলিপুরদুয়ার শহর ভেঙে পড়ে রাস্তায়। এক ঝলক ড্রিম গার্লকে দেখতে রাস্তার দুই ধারে মানুষের ঢল নামে। বাড়ির ছাদ, বারান্দা, দোকানের সামনে—সব জায়গায় ছিল উপচে পড়া ভিড়। হেমা মালিনী গাড়ির ওপর থেকে হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন। তাঁকে সামনে পেয়ে আবেগে ভাসেন অনুরাগীরা। অনেকেই মোবাইল ক্যামেরায় মুহূর্ত বন্দি করেন।
তারকা প্রচারকের এই সফর ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা। গেরুয়া পতাকা, ব্যানার আর জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা রোড শো। মহাকাল ধাম থেকে চৌপথি পর্যন্ত দীর্ঘ পথে পা ফেলার জায়গা ছিল না। রোড শো-র মাঝে মাঝেই গাড়ি থামিয়ে হাত জোড় করে জনতাকে নমস্কার জানান হেমা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এদিনের জনজোয়ার প্রমাণ করে দিয়েছে আলিপুরদুয়ারের মানুষ পরিবর্তনের পক্ষে। তাঁদের বক্তব্য, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে এবারও এই আসনে পদ্মফুল ফুটবে। বিজেপি নেতাদের আরও দাবি, রাজ্য সরকারের দুর্নীতি ও বঞ্চনার বিরুদ্ধে মানুষ মুখ ফিরিয়েছে। কেন্দ্রের উন্নয়ন আর মোদির গ্যারান্টিতেই আস্থা রাখছে আলিপুরদুয়ার।
রোড শো-কে কেন্দ্র করে এদিন শহরের রাজনৈতিক উত্তাপ কয়েকগুণ বেড়ে যায়। হেমা মালিনীর উপস্থিতিতে বিজেপি শিবিরের মনোবল তুঙ্গে। কর্মীদের চোখেমুখে ছিল জয়ের আত্মবিশ্বাস। রোড শো শেষে বিজেপি নেতারা বলেন, ড্রিম গার্লের এই প্রচার আলিপুরদুয়ারে ভোটের মোড় ঘুরিয়ে দেবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের ঠিক আগে হেমা মালিনীর মতো সর্বভারতীয় তারকার প্রচার বিজেপি কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও প্রভাব ফেলবে। একদিকে তারকা আকর্ষণ, অন্যদিকে বিজেপির সংগঠিত শক্তি—দুটো মিলে শেষ মুহূর্তে প্রচারে বড় ধাক্কা দিল গেরুয়া শিবির।
সব মিলিয়ে হেমা মালিনীর এই রোড শো আলিপুরদুয়ারের ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করল। ড্রিম গার্লের হাতছানিতে ভোটের ময়দান সরগরম।