নয়া জামানা ডেস্ক:বর্তমান সময়ে স্মার্টফোন যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।কাজ, বিনোদন, যোগাযোগ-সবকিছুর জন্যই আমরা ঘণ্টার পর ঘণ্টা ফোনে ডুবে থাকি। কিন্তু জানেন কি, এই অভ্যাসই নীরবে ক্ষতি করছে আপনার দাঁতের ?
সাম্প্রতিক তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহারের ফলে অনেকেই ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষার সমস্যায় ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘ব্রুক্সিজম’। এর ফলে দাঁতের এনামেল দ্রুত ক্ষয় হতে থাকে এবং সময়ের সঙ্গে দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যবহার করার সময় আমরা সাধারণত মাথা নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এই অবস্থায় ঘাড়ের উপর প্রায় ২৫–২৭ কেজি পর্যন্ত চাপ পড়ে। দীর্ঘদিন ধরে এমনভাবে ফোন ব্যবহারের ফলে চোয়ালের স্বাভাবিক অবস্থান বদলে যেতে পারে। এর ফলে চোয়ালে ব্যথা, দাঁতের বিন্যাসে পরিবর্তন এবং দাঁতের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়।
এছাড়াও দেখা গেছে, ফোনে দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে থাকার সময় লালা নিঃসরণ কমে যায়। ফলে মুখের ভেতরে ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায় এবং ক্যাভিটি, মাড়ির সংক্রমণসহ বিভিন্ন দাঁতের রোগের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে অতিরিক্ত স্ক্রিন টাইম শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রাও কমিয়ে দেয় যা ঘুমের ব্যাঘাত ঘটিয়ে শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, স্মার্টফোন ব্যবহার কমানোই সবচেয়ে ভালো উপায়। ফোন ব্যবহার করার সময় সেটিকে চোখের সমতলে রাখার চেষ্টা করুন যাতে ঘাড়ে অতিরিক্ত চাপ না পড়ে। পাশাপাশি দীর্ঘক্ষণ একটানা ফোন ব্যবহার না করে মাঝেমধ্যে বিরতি নিন এবং পর্যাপ্ত জল পান করুন। ছোট এই অভ্যাসগুলোই আপনার দাঁত ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারে।