রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির হঠাৎ কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হল তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আইসিডিএস কেন্দ্রে নানা ইভেন্টের আয়োজন করা হয়। কর্মসূচির শেষ দিনে মূলত মাতৃস্বাস্থ্য নিয়ে বিশদ আলোচনা ও মায়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথম দিনে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে ময়নাগুড়ি আইসিডিএস প্রজেক্টের সিডিপিও দুর্লভ মণ্ডল জানান, সমাজে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পার্টিসিপেশন জোরদার করতেই এই উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেবল সরকারি দপ্তর নয়, এটি স্থানীয় সমাজেরও একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অন্যদিকে, এসিডিপিও রাজকুমার মৌলিক জানান, ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো কেন্দ্র ও মায়েদের মধ্যে সম্পর্ক নিবিড় করা এবং তাঁদের প্রাপ্য পরিষেবা নিয়ে সচেতন করা।
উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন দাস, বিধায়ক ডালিমচন্দ্র রায়, সিডিপিও দুর্লভ মণ্ডল এবং এসিডিপিও রাজকুমার মৌলিক। এছাড়া অতিথিরা কেন্দ্রের রান্না করা পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পরীক্ষা করে দেখেন এবং গোটা ব্যবস্থার প্রশংসা করেন।