নয়া জামানা, কলকাতা : উপনির্বাচনের স্মৃতি ফিরল বরানগরে। প্রচারের ময়দানে ফের জনরোষের মুখে বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুক্রবার সকালে ভোট চাইতে বেরিয়ে একদল বাসিন্দার কাছ থেকে ‘চোর চোর’ স্লোগান শুনতে হল তাঁকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষমেশ পুলিশ এসে আসরে নামে। শুক্রবার সকালে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সজল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই মেজাজ হারান বিজেপি প্রার্থী। স্থানীয়দের দাবি, তিনি মেজাজ হারিয়ে কটু শব্দ ব্যবহার করেন। এর পরেই রুখে দাঁড়ান এলাকার মহিলারা। একদল বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে সজলকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহুর্মুহু স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হলে উত্তেজনা চরমে পৌঁছয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অঞ্জন পাল সরব হয়ে বলেন, ‘বিজেপি প্রার্থী প্রচারের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। পাড়ার মহিলারা এর প্রতিবাদ জানিয়েছেন।’ যদিও বিক্ষোভের ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ সজল। তাঁর সাফ কথা, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।’ উল্লেখ্য, ২০২৪-এর উপনির্বাচনেও ঠিক একইভাবে এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সজল ঘোষকে। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির। শুধু বরানগর নয়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও মেজাজ হারিয়ে আমজনতার প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের এই নাজেহাল দশা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না শাসকদল। ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে এই স্লোগান-বিড়ম্বনা সজলের জয়ের পথে কাঁটা হবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বরানগরে।