রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: বৃহন্নলাদের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বাংলাদেশের বিতর্কিত নথি উদ্ধার করল পুলিশ এবং বিএসএফ। বৃহস্পতিবার ভোররাতে ময়নাগুড়ির এই যৌথ অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। সীমান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিচালিত এই তল্লাশিতে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন, দুটি বাংলাদেশের সিম কার্ড এবং বাংলাদেশের বার্থ সার্টিফিকেট।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জলপাইগুড়ির এই ডেরায় বসে বাংলাদেশী সিম কার্ড ব্যবহার করে নিয়মিত বাংলাদেশ ও পাকিস্তানে যোগাযোগ রক্ষা করা হতো। এই দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃহন্নলাদের গুরুমা পিপাসা হিজড়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্তের স্বার্থে ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ধৃত পিপাসা হিজড়াকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা জলপাইগুড়িতে বসে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কীভাবে এই চক্র পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। উদ্ধার হওয়া নথিপত্র ও সিম কার্ডগুলো পরীক্ষা করে এই চক্রের নেপথ্যে কোনো বড় অন্তর্ঘাতমূলক কিংবা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
ডিএ জট : সুপ্রিম-আজ্ঞা অমান্য রাজ্যের, রাজ্যকে ‘অবমাননা’র মামলা যৌথ মঞ্চের