নয়া জামানা,মালদা : স্বাধীনতা দিবসের ঠিক আগে দেশাত্মবোধের আবহে মুখরিত হল মালদা শহর। বুধবার বিকেলে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করল জেলা বিজেপি। হাতে হাতে জাতীয় পতাকা, তেরঙ্গার রঙে সাজা রাজপথ আর দেশাত্মবোধক স্লোগানে এদিন এক ভিন্ন ছবি ফুটে ওঠে শহরে।
মালদা শহরের শ্যামাপ্রসাদ ভবন থেকে শুরু হয় এই পদযাত্রা। সেখান থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তিরঙ্গা যাত্রা এগিয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, পাশাপাশি ব্যবহৃত হয় রঙিন বেলুনও।বিশেষভাবে নজর কাড়ে ভারতমাতার প্রতীকী সাজে হাজির হওয়া এক তরুণী।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গাঙ্গুলি সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই যাত্রার মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানও জানানো হয়েছে। এর পাশাপাশি বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত মালদা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার কর্মসূচিও অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ,কালো পতাকা ও গো ব্যাক স্লোগান