সুজিত দত্ত, নয়া জামানা,বর্ধমান : গ্যাস রিপেয়ারের দোকানের আড়ালে বেআইনিভাবে রান্নার গ্যাস মজুত করে ছোট সিলিন্ডার ও অটোতে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিইবি (জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ)। শুক্রবার জামালপুর থানার জোগ্রামের রানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শক্তিপদ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের দোকান থেকে ১৪ কেজির ১১টি ভর্তি ও ৬টি খালি ইন্ডেন গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। এছাড়াও ৫ কেজির ৪টি ভর্তি ও ৩টি খালি সিলিন্ডার, ওজন মাপার মেশিন এবং একটি ইলেকট্রনিক গ্যাস ফিলিং মেশিন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, শক্তিপদ বেআইনিভাবে রান্নার গ্যাস মজুত করে তা অটোচালক এবং ছোট চায়ের দোকানের মালিকদের কাছে বিক্রি করত। গ্যাস কোথা থেকে সংগ্রহ করা হত এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গৃহস্থালির সিলিন্ডার থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে গ্যাস বের করে ছোট সিলিন্ডার বা গাড়িতে ভরা অত্যন্ত বিপজ্জনক। এতে গ্যাস লিকেজ, আগুন বা বিস্ফোরণের আশঙ্কা থাকে। রানাপাড়া এলাকায় এই ধরনের বেআইনি গ্যাস সরবরাহের আরও কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করছে ডিইবি।
গিফট ও কাশা-পিতলের দোকানের আড়ালে মাদক ব্যবসা! ২ কেজি গাঁজাসহ দোকান মালিক গ্রেফতার