ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • পুরসভায় বিল্ডিং প্ল্যান দুর্নীতি, গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা

পুরসভায় বিল্ডিং প্ল্যান দুর্নীতি, গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা

সামির হোসেন ৷৷ নয়া জামানা ৷৷ দিনহাটা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক পুরনো মামলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই আবহেই এবার দিনহাটা পুরসভায় বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পুরসভার....

পুরসভায় বিল্ডিং প্ল্যান দুর্নীতি, গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা

সামির হোসেন ৷৷ নয়া জামানা ৷৷ দিনহাটা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সামির হোসেন ৷৷ নয়া জামানা ৷৷ দিনহাটা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক পুরনো মামলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই আবহেই এবার দিনহাটা পুরসভায় বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। শনিবার তাঁকে গ্রেপ্তার করে দিনহাটা থানা-র পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দিনহাটা পুরসভা-য় ভুয়ো ও নিয়মবহির্ভূত বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগ উঠে আসছিল। অভিযোগ অনুযায়ী, বেআইনিভাবে একাধিক নির্মাণের প্ল্যান পাস করিয়ে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করা হতো। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ সামনে আসে দিনহাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার তরফে। সেই অভিযোগের ভিত্তিতে তৎকালীন এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং সেই সময় পুরসভার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারও করা হয়। ওই ঘটনার জেরে তৎকালীন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী পদচ্যুত হন। তৃণমূল কংগ্রেসের তৎকালীন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন। পরে দায়িত্ব নেন অপর্ণা দে নন্দী। যদিও অভিযোগ, নেতৃত্ব বদল হলেও পুরসভার ভেতরে অনিয়মের ধারা বন্ধ হয়নি।

দীর্ঘ সময় চার্জশিট জমা না পড়ায় অভিযুক্তরা তখন ছাড়া পেয়ে যান এবং বিষয়টি কিছুদিনের জন্য স্তিমিত হয়ে আসে। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার পুরসভার অফিস থেকে বেরোনোর সময় মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দিনহাটা পাঁচমাথা মোড় সংলগ্ন তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও তার আগেই তিনি গা ঢাকা দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর মৌমিতা ভট্টাচার্যকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দিনহাটা আদালত-এ তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌমিতা বলেন, যা বলার আদালতেই বলব। কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও আমি জানি না।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দিনহাটা পুরসভায় দীর্ঘদিন ধরেই দুর্নীতির রমরমা চলছিল। যদিও এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্ত এগোলে আরও একাধিক প্রভাবশালী নাম সামনে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন:

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটূক্তি – দিনহাটা থেকে গ্রেপ্তার ২

 

 


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর