নয়া জামানা , দিনহাটা : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে দিনহাটায় দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মাজিনুর রহমান ও আলি হুসেন। তাঁদের বাড়ি দিনহাটাতেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ এবং দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা সমাজমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিডিওটির বিষয়বস্তু এবং এর প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি আইন-সহ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজমাধ্যমে কোনও ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর, অশালীন বা উস্কানিমূলক পোস্ট করা আইনত দণ্ডনীয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে বা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে— এমন কোনও পোস্টের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন থানায় বৈঠক ও প্রচার কর্মসূচিও নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এই ধরনের পদক্ষেপ বলে প্রশাসনের দাবি।
বাঘ ঢোকার আগেই সতর্কবার্তা! সুন্দরবনে প্রযুক্তির নতুন প্রহরী আনইডার্স