নয়া জামানা, কলকাতা : ভোটপর্ব মিটতেই বুধবার সকালে রাজভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল । হাতে ছিল ২৯৩টি বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থীদের গেজেট নোটিফিকেশন। তবে নেহাত সৌজন্য সাক্ষাৎ নয়, এই বৈঠকে গুরুত্ব পেল ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ। নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবিধানিক প্রধানের কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করলেন সিইও। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। সাংবিধানিক রীতি মেনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজ্যপাল। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবেই এদিন লোক ভবনে হাজির হন কমিশনের আধিকারিকেরা। তবে এবারের রাজনৈতিক আবহাওয়া কিছুটা ভিন্ন। একদিকে বিজেপি ম্যাজিক ফিগার ছুঁলেও পরাজয় মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট ঘোষণা, ‘পদত্যাগ করব না’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের তোপ দেগেছেন তিনি। অন্যদিকে সিইও মনোজ আগরওয়াল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থানে অনড়। এই টানাপড়েনের মধ্যেই রাজ্যপালের দরবারে কমিশনের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে মূলত দুই বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমত, নবনির্বাচিত বিধায়কদের তালিকা সম্বলিত গেজেট নোটিফিকেশন হস্তান্তর। দ্বিতীয়ত, ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অশান্তির খবর। সিইও-র কাছে ভোট-পরবর্তী হিংসা নিয়ে বিস্তারিত জানতে চান রাজ্যপাল রবি। সিভি আনন্দ বোসের ইস্তফার পর দায়িত্ব নেওয়া রবি প্রথম থেকেই প্রশাসনিক রদবদলে কড়া মনোভাব দেখিয়েছেন। ভোট চলাকালীন কমিশনের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করা হলেও সময়ের অভাবে মনোজ নিজে দেখা করতে পারেননি। এদিন সেই খামতি মিটিয়ে দিলেন বিদায়ী সিইও। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তৃণমূলের ক্রমাগত আক্রমণের মুখেও মাথা ঠান্ডা রেখে কাজ করে গিয়েছেন মনোজ।এসআইআর পর্ব থেকে গণনা পর্যন্ত তাঁর ভূমিকা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবার সিইও হিসেবে তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। নতুন সরকার গঠন এবং পরবর্তী প্রশাসনিক রদবদলে তাঁর ভূমিকা কী হয়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের। রাজভবন থেকে বেরিয়ে তিনি অবশ্য সংবাদমাধ্যমের কাছে বাড়তি মুখ খোলেননি। রাজ্যপালের নির্দেশে এখন পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। ছবি সংগৃহিত।
|| মনোজ || ২৯৩টি বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী || রাজভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির ||