অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার : ভোটের ফল ঘোষণার উন্মাদনা শেষ হতেই আলিপুরদুয়ারে এক ভিন্ন ছবি ধরা পড়ল। নির্বাচনী ফল শোনার জন্য বিজেপির যে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল, তা পরদিন সকালে সম্পূর্ণভাবে পরিষ্কার করেন দলীয় কর্মীরা। সাধারণত রাজনৈতিক কর্মসূচির পর যেসব জায়গায় প্লাস্টিক, কাগজপত্র ও অন্যান্য বর্জ্য পড়ে থাকে, সেই চেনা দৃশ্যের বাইরে গিয়ে এই উদ্যোগ নজর কাড়ে স্থানীয়দের।
মঙ্গলবার সকালে জেলা বিজেপি সভাপতি মিঠু দাসের নেতৃত্বে কর্মীরা ঝাড়ু ও ঝুড়ি হাতে পরিষ্কার অভিযানে নামেন। শিবিরের চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পানীয়ের কাপ, কাগজ এবং অন্যান্য আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। পুরো এলাকায় দ্রুতই স্বচ্ছতা ফিরে আসে।
স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনৈতিক কর্মসূচির পর এমন উদ্যোগ সাধারণত দেখা যায় না। ফলে বিজেপি কর্মীদের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক দলগুলো যদি এভাবে দায়িত্বশীল আচরণ করে, তবে পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে সচেতনতার বার্তাও পৌঁছে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এমন পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এই ঘটনায় আলিপুরদুয়ারে রাজনৈতিক কর্মসূচির পর পরিবেশ সচেতনতার একটি নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।
‘শীত–গ্রীষ্ম–বর্ষা, তৃণমূলই ভরসা’, আলিপুরদুয়ারে বজ্রকণ্ঠে বিজেপির বিরুদ্ধে আগুন ঝরালেন মমতা