বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : শিলিগুড়ির উত্তরকন্যাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ প্রশাসনিক ভবনের নীল-সাদা রং বদলে গেরুয়া করার দাবি তুলেছেন। মঙ্গলবার উত্তরকন্যার সামনে জড়ো হয়ে তারা বিজয়ের উল্লাসে মেতে ওঠেন এবং স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।
এই কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে এবং নতুন সরকার গঠনের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তারা মনে করছেন, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক পরিকল্পনা এবার উত্তরকন্যা থেকেই পরিচালিত হবে এবং প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে।
উল্লাসের আবহেই তারা প্রশাসনিক ভবনের রং পরিবর্তনের দাবি জোরালোভাবে তোলেন। তাদের মতে, নীল-সাদা রং পরিবর্তন করে গেরুয়া করা হলে তা রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে চিহ্নিত হবে। পাশাপাশি তারা দাবি করেন, নতুন সরকারের মন্ত্রীরা উত্তরকন্যাকে কেন্দ্র করেই উন্নয়নের রূপরেখা তৈরি করবেন এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
এই ঘটনাকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন অনেকেই। প্রশাসনিক ভবনের রং পরিবর্তনের দাবি শুধু প্রতীকী নয়, বরং তা বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের বার্তা বহন করছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।