উমার ফারুক, নয়া জামানা, মালদহ : ‘আগে ভোটার পরে ভোট’ এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় উঠানোর দাবিতে বৃহস্পতিবার চাঁচল-২ ব্লক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় কংগ্রেস। এদিন মালতীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরের নেতৃত্বে ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গিয়েছে, এদিন বিকেল তিনটে থেকে এই বিক্ষোভ শুরু হয় সন্ধ্যা গড়িয়ে গেলেও অবস্থান বিক্ষোভ চলতে থাকে। সন্ধ্যার পর কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর ব্লক প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে মানুষের ভোটাধিকার রক্ষার দাবি পূরণের কোনও সদুত্তর মেলেনি বলে তিনি অভিযোগ করেন। তাই কংগ্রেস প্রার্থী মালতীপুর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়ে বিজেপি, তৃণমূলসহ নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সাধারণ মানুষকে নিয়ে নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস খেলা করছে। প্রকৃত ও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কংগ্রেস প্রার্থী দাবি করেন, আগে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে ভোট পিছাতে হবে। ভোটার তালিকায় ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন করার কোনও অর্থ নেই বলে তিনি স্পষ্ট জানান। মোথাবাড়ির ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন ,’ আগে ভোটার পরে ভোট’ এই দাবিতে কংগ্রেস আগামীতে আরো জোরদার আন্দোলন করবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন,জাতীয় কংগ্রেসের চাঁচল- ২ ব্লক সভাপতি মানজারুল ইসলাম, রতুয়া- ২ব্লক সভাপতি নিমাই চন্দ্র বসাক সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।