নয়া জামানা,কলকাতা:শালবনির জমি-দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের রক্ষাকবচ বৃহস্পতিবার বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরই তাঁর খোঁজে অভিযান চালায় সিআইডি ও এসটিএফ। শেষ পর্যন্ত কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। পরে তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়।শালবনির জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত আগাম জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন। তা খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, গত জুনে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছে এবং মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। টাকার উৎস নিয়েও প্রশ্ন তোলেন তদন্তকারীরা।এর আগে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। তাঁর জিজ্ঞাসাবাদের ভিডিয়োর লিখিত নথিও আদালতে জমা দেয় রাজ্য। আদালতের পর্যবেক্ষণ, তাঁকে যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি।রক্ষাকবচ বাতিলের পরই কালীঘাটে অভিযান চালায় সিআইডি ও এসটিএফ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর বাড়িতে ঢুকে সুমিতকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শুক্রবার মেদিনীপুর আদালতে পেশ করা হবে।