নয়া জামানা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম বাজারে জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মন্তেশ্বরে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে যুব কংগ্রেস ও জেলা সংখ্যালঘু সেল।
অভিযোগ, গত রবিবার রাতে একদল দুষ্কৃতী পার্টি অফিসে ঢুকে চেয়ার, টেবিল ও পাখা ভাঙচুর করে। এছাড়া প্রায় ২৫টি চেয়ার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথি লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।
পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে জেলা সংখ্যালঘু সেলের সভাপতি বুলবুল আহমেদ ও মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেস সভাপতি সাহিদ হকের নেতৃত্বে এই মিছিলটি বের হয়। জেলাজুড়ে কয়েকশো কর্মী-সমর্থক এতে অংশ নেন। এর ফলে মন্তেশ্বরের রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
কংগ্রেসের সর্বভারতীয় কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য এই ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছেন। তিনি জানান, এর আগেও অধীর চৌধুরীর সভার মঞ্চ রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবারেও পুলিশের ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে দাবি করে তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
অসামাজিক কাজকর্মের অভিযোগ, জনরোষ আছড়ে পড়ল তৃণমূল পার্টি অফিসে