নয়া জামানা:যে কোনও খেলাতেই হোক না কেন, পাকিস্তানকে হারানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার চিনের মো কি-তে পাকিস্তানকে ১৯-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা জুনিয়র হকি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারতীয় মেয়েরা। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার মিলিয়ে ১০টি গোল করে বিরতির আগেই কার্যত ম্যাচের ভাগ্য লিখে ফেলে তারা। বলা যায়, ভারতের দাপটের সামনে পুরো ম্যাচেই কোনও লড়াই দিতে পারেনি পাকিস্তান।ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুটি পেনাল্টি কর্নার আদায় করে ভারত, যদিও তা কাজে লাগাতে পারেনি প্রথমে। ষষ্ঠ মিনিটে একটি গোল হলেও রেফারেলে তা বাতিল হয়ে যায়। তবে সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন পূজা সাহো। এরপর একে একে গোল করেন রোশনি আইন্দ (ফিল্ড গোল), তনুশ্রী কাদু (ডিফ্লেকশন) এবং সুখবীর কৌর (পেনাল্টি স্ট্রোক)। প্রথম কোয়ার্টার শেষ হয় ৫-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারেও একই ছন্দ বজায় রাখে ভারত। মধু সিদার, গীতা যাদব, সানিকা মানে, তনুজা টোপ্পো এবং পূজা মালিকের গোলে বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ১০-০।বিরতির পরও ভারতের আগ্রাসন এতটুকু কমেনি। তৃতীয় কোয়ার্টারে পূর্ণিমা যাদব, মধু সিদার এবং সুপ্রিয়ার গোলে ব্যবধান বেড়ে হয় ১৩-০। শেষ কোয়ার্টারে আরও বিধ্বংসী রূপে ধরা দেয় ভারত। কৃষ্ণা শর্মা, পূজা মালিক এবং সুপ্রিয়া ফের গোল করেন, আর হ্যাটট্রিক পূর্ণ করেন পূজা। এরপর বিনিমা ধানের ফিল্ড গোল এবং একেবারে শেষ মিনিটে রোশনি আইন্দের নিজের দ্বিতীয় গোলে ভারতের স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ১৯-০-তে।গোটা ম্যাচে ভারত মোট ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে, যেখানে পাকিস্তান একটিও গোল, পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোক করতে পারেনি। শনিবার সেমিফাইনালে কোরিয়া ও মালয়েশিয়ার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে এই বিশাল জয় গোটা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।
সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের! দিল্লি কাঁপানোর হুমকি লস্কর নেতার