নয়া জামানা, বীরভূম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আগামী ৯ তারিখ সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন বিজেপির জেলা নেতৃত্ব। এদিন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা সভাস্থল ঘুরে দেখেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সিউড়ি চাঁদমারি ময়দানের সরকারি হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে বাইক র্যালির মাধ্যমে সভাস্থলে পৌঁছবেন তিনি।বীরভূম দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। জেলার অধিকাংশ আসনেই শাসকদলের প্রভাব সুস্পষ্ট। তবে গত বিধানসভা নির্বাচনে দুবরাজপুর কেন্দ্রে বিজেপির জয় রাজনৈতিক সমীকরণে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। এবার সেই ধারা বজায় রাখতে মরিয়া বিজেপি, আর তাই প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে, নিজেদের শক্ত ঘাঁটি অটুট রাখতে তৃণমূল কংগ্রেসও সমান তৎপর এবং উন্নয়নমূলক কাজ ও সংগঠনের জোরে তারা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।সব মিলিয়ে, বীরভূমে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াই যে তীব্র আকার নিতে চলেছে, তা স্পষ্ট। শাসক ও বিরোধী—দুই পক্ষই সর্বশক্তি দিয়ে ময়দানে নামতে প্রস্তুত, আর সিউড়ির এই জনসভা সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।
উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি প্রদর্শন, ২৪শে মার্চ তিন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা