অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা শহরের রূপ বদল ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বড়সড় উদ্যোগ নিল আলিপুরদুয়ার পুরসভা। শহরের তিনটি প্রধান প্রবেশপথে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুদৃশ্য ‘বিশ্ব বাংলা’ তোরণ। পুরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে এই উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর।
পুরসভা জানিয়েছে, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হচ্ছে। সেগুলি হল— শোভাগঞ্জ এলাকার নিউ আলিপুরদুয়ার মোড়, বি.এফ. রোডের ফ্লাইওভারের সম্মুখভাগ এবং কালজানি ব্রিজের সামনে। এই তিনটি গেটেই ‘বিশ্ব বাংলা’ লোগো ও আধুনিক আলোকসজ্জা থাকছে, যা রাতের বেলায় শহরের সৌন্দর্য আরও বাড়াবে।
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, আগামী ১০ দিনের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাঁর দাবি, এই তোরণ শহরের পরিচিতি বাড়াবে এবং পর্যটকদের কাছে আলিপুরদুয়ারকে আরও আকর্ষণীয় করে তুলবে।
অন্যদিকে, এই প্রকল্পের কড়া সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। জেলা বিজেপি সভাপতি মিঠু দাস বলেন, অপরিকল্পিতভাবে তোরণ নির্মাণের ফলে রাস্তা সংকীর্ণ হচ্ছে, যা ভবিষ্যতে যানজট সৃষ্টি করতে পারে। তাঁর অভিযোগ, ভোটের আগে লোক দেখানো উন্নয়নের নামে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
পাল্টা জবাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, শহরের সৌন্দর্যায়ন ও পর্যটন বিকাশের লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে। রাজনৈতিক বিতর্কের মাঝেই এখন শেষের পথে আলিপুরদুয়ারের ‘বিশ্ব বাংলা’ তোরণ প্রকল্প।
বিশ্ব মঞ্চে জামা খুলে বিক্ষোভ কংগ্রেসের, ‘দুর্বল বিচারবুদ্ধি’ বললেন বাবুল সুপ্রিয়