নয়া জামানা, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার্যত রাজনৈতিক বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস। দীর্ঘ শাসনের পর শাসকদলের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৮০-তে। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। এমন এক নজিরবিহীন পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ নেত্রী। শনিবার কালীঘাটের বাসভবনে পরাজিত প্রার্থীদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি অত্যন্ত কড়া অথচ লড়াকু মেজাজে বার্তা দিয়েছেন।
বৈঠকে মমতা স্পষ্ট জানান, প্রতিকূল পরিস্থিতিতে কেউ যদি দলত্যাগ করতে চান, তবে তিনি অনায়াসেই যেতে পারেন। দলত্যাগী বা সুবিধাবাদীদের জন্য সময় নষ্ট না করে তিনি শূন্য থেকে নতুন করে দল গড়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভাঙাচোরা পার্টি অফিসগুলো মেরামত করে পুনরায় দলীয় পতাকা তোলার নির্দেশ দিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আমি নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস রং করব, কিন্তু তৃণমূল কখনও মাথা নত করবে না।” ভোটে পরাজয়কে মানুষের রায়ের বদলে ‘লুট’ হিসেবেই দেখছেন তিনি।
এবারের নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী দিয়েও হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পরাজয় দলকে বড় ধাক্কা দিয়েছে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেত্রী লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন। দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, জয়-পরাজয় যাই হোক, প্রার্থীরা যেভাবে অত্যাচারের মুখে দাঁড়িয়ে অসম সাহসে লড়াই করেছেন, তা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত হারানো জমি পুনরুদ্ধারে এখন থেকেই নতুন উদ্যমে মাঠে নামার ডাক দিলেন তৃণমূল নেত্রী।