রূম্পা দাস,নয়া জামানা,বীরভূম : ফের বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান, ফুলের মালা ও হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুরের কুড়গ্রামে। মঙ্গলবার রাতে গোড়াচাঁদ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর বাড়ির পাঁচিলে সাদা থান ও ফুলের মালা রেখে যায় দুষ্কৃতীরা। পাশাপাশি একটি হুমকি চিঠিও রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ওই চিঠিতে প্রাণনাশ-সহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, এর আগেও গোড়াচাঁদ মণ্ডলের ভাইপো তথা মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ঘটনার পর বুধবার নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদ থান ও চিঠি উদ্ধার করে নিয়ে আসে।
গোড়াচাঁদ মণ্ডলের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি করার কারণে তাঁর বাড়ি ও পরিবারের সদস্যদের উপর তৃণমূলের লোকজন একাধিকবার অত্যাচার চালিয়েছে। তবে তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি বলেও দাবি তাঁর।
অভিযোগকারীর আরও দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁর বক্তব্য, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও মাঝেমধ্যে রাতের অন্ধকারে গ্রামে আসা-যাওয়া করে কেউ কেউ আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নতুন করে যাতে এলাকায় অশান্তি না ছড়ায়, সে বিষয়ে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে, এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে।
সরকারি জমিতে তৃণমূল কর্মীর বাড়ি! অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রশাসনে, ঘটনাস্থলে পুলিশ