নয়া জামানা:টাটা গোষ্ঠীতে বড়সড় রদবদলের ইঙ্গিত! টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন এন চন্দ্রশেখরন। তবে এখনই দায়িত্ব ছাড়ছেন না তিনি। বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর আর নতুন করে এই পদে নিযুক্ত হতে চান না বলেও জানিয়েছেন তিনি। আগামী ১৮ অগস্ট টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা। তার ঠিক আগে চন্দ্রশেখরনের এই সিদ্ধান্ত ঘিরে কর্পোরেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।
চন্দ্রশেখরনের টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের।১৯৮৭ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে কর্মজীবন শুরু করেন তিনি।সাধারণ তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে পথচলা শুরু করে ধীরে ধীরে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন।পরবর্তী সময়ে টিসিএসের চিফ অপারেটিং অফিসার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হন। ২০০৯ সালে সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে টিসিএস আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে।২০১৬ সালে টাটা সন্সের সঙ্গে যুক্ত হন চন্দ্রশেখরন।২০১৭ সালের জানুয়ারিতে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন।তাঁর নেতৃত্বে টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ার, টিসিএস এবং ইন্ডিয়ান হোটেলস-সহ টাটা গোষ্ঠীর একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা পরিচালিত হয়েছে। ২০২২ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন তিনি।তবে কেন এই সিদ্ধান্ত? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। টাটা গোষ্ঠীর তরফে এ বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি। এর আগে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা ট্রাস্টসের আপত্তির খবর সামনে এসেছিল। ফলে টাটা ট্রাস্টস ও টাটা সন্সের সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও যোগ রয়েছে কি না তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।এখন নজর ১৮ অগস্টের বার্ষিক সাধারণ সভার দিকে।