নয়া জামানা, কলকাতা: বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে মূল অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার করার ঘটনাটি ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সমগ্র পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজি-র দ্বারস্থ হল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভবানী ভবনে গিয়ে ডিজি-র কাছে একটি স্মারকলিপি জমা দেয়। মানবাধিকার নেতৃত্বের অভিযোগ, এই ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকায় চরম গাফিলতি ছিল। সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক স্পষ্ট জানান, বারুইপুরের এই নির্মম ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। ঘটনার প্রথম দিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই পুলিশ অতিসক্রিয় হয়ে ওঠে এবং রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে অভিযুক্তকে এনকাউন্টার করে।
মানবাধিকার সংগঠনটির দাবি, রাতের অন্ধকারে এই ধরনের এনকাউন্টার গোটা তদন্ত প্রক্রিয়া ও সত্য গোপন করার চেষ্টার দিকে ইঙ্গিত করে। তাই বারুইপুর কাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদঘাটন করতে এবং পুলিশের এই আকস্মিক ভূমিকার নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে তারা।