রিঙ্কু সরকার, নয়া জামানা, শিলিগুড়ি : উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী জুন মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে ‘জয় রামজি’ নামে ১২৫ দিনের একটি নতুন কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জনস্বার্থে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবায় বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই মহিলাদের সরকারি বাসে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
বৈঠকে শিলিগুড়ি পুরনিগম সংক্রান্ত একাধিক অভিযোগও উঠে আসে। সাংবাদিকদের সামনে দাবি করা হয়, পুরনিগমে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে। সেই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়।
এদিন আরও জানানো হয়, যেসব পুরনিগম এলাকায় এখনও নির্বাচন সম্পন্ন হয়নি, সেখানে বর্ষা-পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও জানা যায়।
এছাড়াও উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলগুলির উন্নয়নকে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চা শিল্প এবং চা-বাগান নির্ভর এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সফল উন্নয়ন মডেল অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে আধিকারিকদের।
সাংসদ ও বিধায়ক জানান, উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠক আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।