নয়া জামানা, কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজকে ঘিরে উঠল কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। কলেজের ছাত্র সংসদের তহবিলে বিপুল পরিমাণ টাকা জমা হওয়া নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানাল বিজেপি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। বিজেপির অভিযোগ, কলেজে ভর্তির নাম করে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। সেই টাকার বড় অংশ ছাত্র সংসদের অ্যাকাউন্টে জমা পড়েছে বলেও দাবি করা হয়েছে।
ব্যাঙ্কের নথির তথ্য তুলে ধরে সজল ঘোষ বলেন, সাধারণত ছাত্র সংসদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অল্প টাকা নেওয়া হয়। সেখানে বছরে কয়েক কোটি টাকা জমা হওয়া স্বাভাবিক নয় বলেই তাঁর দাবি।
বিজেপির আরও অভিযোগ, এই ঘটনার সঙ্গে কলেজের কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর একাংশও জড়িত থাকতে পারেন। তাই পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি গেরুয়া শিবিরের।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আবারও সেই ‘চোর’ স্লোগান, প্রচারে, বেরিয়ে বরানগরে বিড়ম্বনায় সজল