নয়া জামানা ডেস্ক : রাজ্যে নারীকল্যাণে নতুন প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার নবান্ন সভাঘরে দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিধায়কদের নিজ নিজ এলাকায় প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যে চালু ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পান। নতুন প্রকল্পে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, নতুন প্রকল্পে জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে যোগ্য মহিলারা এই সুবিধা পাবেন। মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে এই অতিরিক্ত আর্থিক সহায়তা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও পারিবারিক ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন ও বিশেষজ্ঞ মহল।
এছাড়াও পরিবহণ ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মজীবী মহিলা, ছাত্রী, নিত্যযাত্রী ও প্রবীণ মহিলারা এই সুবিধার আওতায় পড়বেন।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, প্রকল্প রূপায়ণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও সুবিধা প্রদানের পদ্ধতি নিয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে নারী ও শিশু কল্যাণ দফতর। একইভাবে পরিবহণ দফতরও বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার জন্য আলাদা গাইডলাইন প্রকাশ করবে।