নয়া জামানা, কলকাতা : ভোট পরবর্তী হিংসার রক্তপাত এড়াতে এবার চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট মিটতেই রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নজরদারির নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বৃহস্পতিবার জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এই মর্মে ভার্চুয়াল বৈঠকে বসছেন সিইও মনোজ অগ্রবাল। মূলত শেষ দফার ভোট শেষ হতেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের খবর আসায় কোনো ঝুঁকি নিতে চাইছে না কমিশন।
অতীতে ভোট পরবর্তী হিংসার তিক্ত অভিজ্ঞতা থেকেই এই অতি-সক্রিয়তা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্টে সেই সময় জমা পড়েছিল ১৯৭৯টি অভিযোগ। আদালতের নির্দেশে ওই অশান্তির ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। এমনকি খুন ও ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল আদালত। সেই মামলাগুলির অনেকগুলিই এখনও বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এবারের ভোটে শান্তি বজায় রাখতে প্রথম দুই দফার আগেই প্রায় চার হাজার ‘দুষ্কৃতীকে’ গ্রেফতার করেছিল পুলিশ। কমিশন সূত্রের দাবি, সংশ্লিষ্টরাই অতীতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখত। তবে এখন বড় আশঙ্কা হল, ধৃতরা জামিন পেয়ে বাইরে এলে নতুন করে অশান্তি শুরু করতে পারে। সেই কারণেই সিইও দফতর সাফ জানিয়েছে, অশান্তি দমনে আগাম পদক্ষেপ হিসেবে ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাতে হবে জেলা প্রশাসনকে। প্রশাসনের এই তৎপরতা শেষ পর্যন্ত ভোট পরবর্তী হিংসার মেঘ কাটাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে সব পক্ষ। ফাইল ফটো।