বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের ঠিক আগমুহূর্তে রাজনৈতিক উত্তাপ চরমে। সেই আবহে বাংলা নববর্ষের দিন উত্তরবঙ্গকে কার্যত নির্বাচনী যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আগামী ১৫ এপ্রিল শিলিগুড়িতে এসে একটি বিশাল পদযাত্রায় অংশ নেবেন। এই পদযাত্রা অনুষ্ঠিত হবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব–এর সমর্থনে।
দলীয় সূত্রে জানা গেছে, শহরের জংশন এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা পৌঁছাতে পারে হাসমি চক পর্যন্ত। নববর্ষের দিনে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ও শাসকদল। সোমবার সম্ভাব্য রুট খতিয়ে দেখতে মাঠে নামেন সৈয়দ ওয়াকার রাজা। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট) রানা মুখার্জি, ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন, ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার-সহ একাধিক পুলিশ আধিকারিক।
পরিদর্শনে অংশ নেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরাও গোটা এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার সম্ভাবনা রয়েছে, সেই মাঠও এদিন খতিয়ে দেখা হয়।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, সাধারণত পয়লা বৈশাখে কলকাতার বাইরে কোথাও যান না মুখ্যমন্ত্রী। কিন্তু এবারের নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে সেই রীতি ভেঙে শিলিগুড়িকেই বেছে নিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তরবঙ্গ দখলের স্পষ্ট বার্তা।
গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী আসা মানেই আমাদের সকলের মধ্যে বাড়তি উদ্দীপনা, বাড়তি অক্সিজেন। নববর্ষের দিন তিনি শিলিগুড়িতে প্রচার করবেন—এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এবার এই আসন জিতে দিদিকে উপহার দিতে চাই।
প্রসঙ্গত, এর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে জনসভা করে গিয়েছেন। তার পর থেকেই কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন। শেষ মুহূর্তে খোদ দলনেত্রীর এই ঝটিকা সফর যে উত্তরবঙ্গে তৃণমূলের প্রচারে ঝড় তুলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও সন্দেহ নেই।