অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: নির্বাচনী প্রচারে শুক্রবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার কার্তিক চা বাগানের কালীমন্দির ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা রূপ নিল বিশাল জনসমুদ্রে। সভার মূল আকর্ষণ ছিলেন ভারতীয় চলচ্চিত্রের মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে একঝলক দেখতে এদিন কার্যত জনজোয়ার নামে কার্তিক চা বাগানে।
দুপুর থেকেই সভাস্থল ও সংলগ্ন এলাকা বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল। মহাগুরুকে সামনে থেকে দেখতে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় সামলাতে নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়। মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, কুমারগ্রামের বিজেপি প্রার্থী মনোজ কুমার ওঁরাও সহ জেলা ও ব্লকের নেতৃত্ব।
মঞ্চে দাঁড়িয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, বাংলার উন্নয়ন চাইলে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি। স্বল্প সময়ের বক্তৃতায় তিনি রাজ্যবাসীর জন্য বিজেপির একগুচ্ছ সংকল্প তুলে ধরেন। জানান, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়া হবে, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে, যুবক-যুবতীদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে এবং চা বলয় ও আদিবাসী অধ্যুষিত এলাকার সার্বিক উন্নয়ন করা হবে।
রাজনৈতিক বার্তার পাশাপাশি উপস্থিত জনতাকে বিনোদনের রসদও দেন মহাগুরু। সভার মেজাজ বুঝে তিনি তাঁর অভিনীত বাংলা ও হিন্দি সিনেমার বেশ কিছু জনপ্রিয় ডায়লগ শোনান, যা শুনে উল্লাসে ফেটে পড়ে গোটা ময়দান। বক্তৃতার শেষে প্রার্থী মনোজ কুমার ওঁরাওকে বিপুল ভোটে জয়ী করার জন্য চা শ্রমিক ও সাধারণ মানুষের কাছে জোরালো আহ্বান জানান তিনি।
কার্তিক চা বাগানের এই সভা থেকে বিজেপি বড়সড় অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।