নয়া জামানা,কলকাতা:বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার লোভে সই জাল করেছেন প্রবীণ এই নেতা, এবং তাঁর কারণেই দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে।মদন মিত্র প্রশ্ন তোলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু সহ্য করলেন। নাম না করেই তিনি শোভনদেবকে কটাক্ষ করে বলেন, বয়স্ক এই নেতা অন্য বিধায়কদের ব্যবহার করে জাল স্বাক্ষর জোগাড় করেছেন বলে তাঁর অভিযোগ। তিনি বিষয়টি নিয়ে তদন্ত কমিশন গঠনের দাবিও তোলেন। এছাড়া শোভনদেবের রাজনৈতিক যাত্রা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শুধু ধর্মীয় আচার পালন করেই বারবার দলের টিকিট পেয়েছেন তিনি। দু’জনের মধ্যে ব্যক্তিগত বাদানুবাদেরও ইঙ্গিত দেন মদন।প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর বিরোধী দলনেতা পদে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে বিধানসভায় একটি রেজোলিউশন জমা পড়ে, যাতে তৃণমূলের ৭০ জন বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু এর মধ্যে কয়েকজনের সইয়ে গরমিলের অভিযোগ ওঠায় বিতর্কের সূত্রপাত হয়। পুরনো স্বাক্ষরের সঙ্গে মিল না পাওয়ায় প্রশ্ন ওঠে। ঋতব্রত ব্যানার্জি ও আখরুজ্জামানসহ একাধিক নেতা এরপর দলের নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন।সই জাল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ আসে, এবং পরবর্তীতে ঋতব্রত ও সন্দীপান সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পরই তৃণমূল কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে।
আরো পড়ুন:
পুরনিয়োগ দুর্নীতিতে ইডির হানা, মদন মিত্রের বাড়িসহ ৮ জায়গায় তল্লাশি