নয়া জামানা, মালদা: জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কন্ট্রাকচুয়াল কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব হলেন চাকরিপ্রার্থীরা। অল এনএইচএম কমিউনিটি হেলথ এ্যাসপির্যান্ট এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ডেপুটেশন দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ২৫ সেপ্টেম্বর ২০২৫-এর নির্দেশিকা অনুযায়ী, জেলা স্তরের সিলেকশন কমিটির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় সিএইচও নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা ভিত্তিক শূন্যপদের তালিকায় মোট ৩,১৬৫টি সিএইচও পদ উল্লেখ রয়েছে।
এরপর একাধিক জেলায় ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ফল প্রকাশের মতো বিভিন্ন ধাপ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, কালিম্পং ও মালদা জেলায় চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের সিপিসিএইচ ট্রেনিং আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়ার কথা।
তবে এখনও বেশ কয়েকটি জেলার নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ।কোথাও ইন্টারভিউ বাকি, কোথাও লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়নি। আবার কোথাও ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলেও পরবর্তী ধাপ শুরু হয়নি। ফলে দীর্ঘ অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু-র কাছে ডেপুটেশন দেন প্রার্থীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানানো হলে সাংসদ বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। প্রার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর আর বিলম্ব নয়।বাকি জেলাগুলিতেও দ্রুত, স্বচ্ছ ও নিয়ম মেনে সিএইচও নিয়োগ সম্পন্ন করা হোক।
আরও পড়ুন :
বিভ্রাট রুখতে ৮৫০৫ অফিসার নবান্নের, সুপ্রিম শুনানিতে আজ ফের কোর্টে মমতা !