রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকা দেখে হতবাক ময়নাগুড়ির এক মহিলা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যোদ্ধার টারি এলাকায়। সেন্ট্রাল ব্যাংকের গ্রাহক শেফালী রায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে ব্যাংকে যান। ব্যালেন্স চেক করতেই দেখা যায় তাঁর অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা।
এই অস্বাভাবিক অঙ্ক দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। শেফালী রায়ের ছেলে দীপেন রায় জানান, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। টাকা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। ঘটনার পরেই পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই এই অভিযোগ বলে জানিয়েছেন দীপেন বাবু।
একই সঙ্গে বিষয়টি সাইবার ক্রাইম বিভাগ ও ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কীভাবে অ্যাকাউন্টে এল তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ ও ব্যাংক।