সুবল গোপ, নয়া জামানা উত্তর দিনাজপুর: ভোটের মুখে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটির কার্যকরী সভাপতি আক্তার আলীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের কাঁচাকালি এলাকায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আকবর আলী।দলীয় সূত্রে জানা গিয়েছে, মাঝিয়ালী অঞ্চলের বাসিন্দা আক্তার আলী দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলা কার্যকরী সভাপতির দায়িত্বও সামলেছেন। তবে অভিযোগ, গত কয়েক মাস ধরে তিনি গোপনে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন এবং দলবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন।এদিনের সাংবাদিক বৈঠকে অঞ্চল সভাপতি আকবর আলীর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতা অপু দাস। এবিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক দীপক রায় জানান, আক্তার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। তাঁকে সতর্ক করা হয়েছিল এবং সংশোধনের সুযোগও দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও তিনি দলবিরোধী কাজে যুক্ত থেকে ভোটের আগে দলের ক্ষতি করার চেষ্টা করেছেন। তাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে আক্তার আলীর দাবি, অঞ্চল সভাপতি আকবর আলী নিজেই ঠিকাদারি ও চা বাগানে সিন্ডিকেট রাজত্ব চালান। আমি তার প্রতিবাদ করায় আমাকে পরিকল্পিত ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে আকবর আলী এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।