সাজাহান আলী, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: বিজেপি এবারের নির্বাচনে বাংলায় ক্ষমতায় অধিষ্ঠিত হলে মাত্র এক বছরের মধ্যে কমপক্ষে ৫ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবশ্যই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। সর্বোপরি দুর্নীতিমুক্ত , স্বচ্ছ প্রশাসন গড়ে তুলে জনগণকে নতুন বাংলা উপহার দেওয়া হবে , যার স্লোগান হবে – সবকা সাথ,সবকা বিকাশ। বুধবার দুপুরে কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এক পথসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের গোপালগঞ্জ চকরামরায় হেলিপ্যাডে দুপুর ১ টা নাগাদ অবতরণ করেন। এরপর বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং পরে প্রায় এক কিলোমিটার এলাকা রোড শো করে এক পথসভায় বক্তব্য রাখেন।চকরামরায় হেলিপ্যাডে দুপুরে অবতরণ করার পর এই বিধানসভা নির্বাচনে কুমারগঞ্জ কেন্দ্রসহ অন্যত্র ভারতীয় জনতা পার্টির রণকৌশল কি হবে তা নিয়ে জেলা নেতৃবৃন্দের সঙ্গে প্রায় কুড়ি মিনিট ধরে তিনি বৈঠক করেন। এই সময় উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকার , বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী , জেলা কমিটির অন্যতম সম্পাদক রজত ঘোষ প্রমূখ । দুপুর ১:৩০ মিনিট নাগাদ খোলা গাড়িতে চেপে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোড শো শুরু করেন। বিজেপি নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিকে গত ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেস দলের মেগাস্টার দেবের কর্মসূচির পাল্টা হিসাবে তুলে ধরেন এবং দেবের রোড শো এর তুলনায় এদিন বেশি লোক সমাগম হয়েছিল বলে দাবি করেন। এই রোড শো গোপালগঞ্জ বিডিও অফিসের সম্মুখভাগ হয়ে গোপালগঞ্জ বাজার , আত্রেয়ী ব্রিজ অতিক্রম করে কুমারগঞ্জ পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়। এরপর কুমারগঞ্জ বাস স্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কঠোর সমালোচনা করে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আবেদন জানান । বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সিন্ডিকেটরাজ ধ্বংস করবে , তৃণমূল কংগ্রেসের পাহাড় পরিমাণ দুর্নীতিসহ সমস্ত অবৈধ কাজ কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং বাংলার জনগণকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন , এখানে রাজ্য সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চলছে সেগুলি বজায় রাখা হবে এবং লক্ষীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের টাকার পরিমান দ্বিগুণ করে দেওয়া হবে।সবমিলিয়ে বিজেপি এই রাজ্যে এমন প্রশাসন গড়ে তুলবে যেখানে সবকা সাথ , সবকা বিকাশ প্রতিষ্ঠিত হবে।পথসভার পরে দুপুর আড়াইটা নাগাদ প্রতিরক্ষা মন্ত্রী হেলিকপ্টার করে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে কুমারগঞ্জ ত্যাগ করে উড়ে যান।